৩০ হাজার টাকায় বাংলাদেশী পাসপোর্ট কিনছে রোহিঙ্গারা




মাত্র ৩০ হাজার টাকায় মিলছে যন্ত্রে পাঠযোগ্য বাংলাদেশি পাসপোর্ট। এই পাসপোর্ট করিয়ে দিতে দেশব্যাপী একটি চক্র গড়ে উঠেছে। এই চক্রে পাসপোর্ট অফিসের কিছু কর্মচারী-কর্মকর্তা, দালাল ও পুলিশের মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা রয়েছেন। মূলত মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ৩০ হাজার টাকা দিয়ে করিয়ে নিচ্ছে বাংলাদেশি পাসপোর্ট।
সম্প্রতি যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) নিয়ে ভারতে যাওয়ার সময় ৬ জুলাই চুয়াডাঙ্গার দর্শনায় অভিবাসন পুলিশের তল্লাশিচৌকিতে ধরা পড়েন পাঁচ রোহিঙ্গা তরুণ। তাঁরা কেউই বাংলাদেশের নাগরিক নন বলে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন। পরে তাঁদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হয়।
দর্শনায় আটক হওয়া পাঁচ রোহিঙ্গার মধ্যে চারজন পুলিশের সুপারিশ ছাড়া এবং একজন সুপারিশের ভিত্তিতে পাসপোর্ট পেয়েছেন। তাঁরা নিজেদের চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দা দেখিয়ে পাসপোর্ট অধিদপ্তরের কুমিল্লার আঞ্চলিক কার্যালয় থেকে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। রোহিঙ্গাকে বাংলাদেশি হিসেবে দেখিয়ে পাসপোর্ট সংগ্রহের আবেদনের ফরমে সুপারিশ (স্বাক্ষর) রয়েছে ফেনী জেলার চার পুলিশ কর্মকর্তার। আর কোনো রকম ঠিকানা যাচাই-বাছাই ছাড়াই রোহিঙ্গাদের এমআরপি পাসপোর্ট দিয়েছেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক মহের উদ্দিন শেখ।
এদিকে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে। সেখানে রোহিঙ্গারা নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়ছে, বাংলাদেশিদের কাজের পরিবেশ নষ্ট করছে।
এদিকে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে ঠিকানা যাচাই ছাড়াই পাসপোর্ট দেওয়ার যে নিয়ম রয়েছে, রোহিঙ্গারা তার সুযোগ নিচ্ছে। অবৈধভাবে মালয়েশিয়ায় আসা বেশির ভাগই বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের ঠিকানা ব্যবহার করছেন। তাঁরা নিজেদের কক্সবাজারের টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী উপজেলার বাসিন্দা বলে দাবি করছেন।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে থাকা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এখন ১১ লাখ ১৮ হাজার ৫৭৬। তাদের নাম-ঠিকানা, ছবি ও আঙুলের ছাপ নিয়ে সরকার ডেটাবেইস (তথ্যভান্ডার) তৈরি করেছে।
এর আগে, গত ১৫ জানুয়ারি বরিশালে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন চার রোহিঙ্গা। সৌদি আরবে পাঠানোর জন্য পাসপোর্ট করাতে তাঁদের কক্সবাজার থেকে বরিশাল নিয়ে যান দালালেরা।
এছাড়া নড়াইল পাসপোর্ট অফিস থেকে গত ১০ এপ্রিল এক দালাল ও দুই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশ। ৩৫ হাজার টাকায় দালালের মাধ্যমে তাঁরা পাসপোর্ট করতে চেয়েছিলেন। রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে গত ৪ এপ্রিল এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশ। এ ঘটনায় পাসপোর্ট অফিসের তিন দালালকেও আটক করা হয়। ৪০ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা তরুণীকে পাসপোর্ট করিয়ে দিতে চেয়েছিলেন দালালেরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো বিভিন্ন সংস্থার প্রতিবেদনের তথ্য অনুযায়ী অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং জাতীয়তা সনদ দিয়ে সহায়তা করছেন। এসব ক্ষেত্রে নজরদারি বাড়াতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর চার লাখের মতো মানুষ কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এর মধ্যে গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে আরও সাত লাখের বেশি রোহিঙ্গা।