৩১ অক্টোবর পর্যন্ত বিচ্ছেদের সময় বাড়াল উভয় পক্ষ



ব্রেক্সিট ইস্যু নিয়ে ভালোই বিপাকে পড়ছে যুক্তরাজ্য। চুক্তি বাস্তবায়নে তাই ইউরোপীয় ইউনিয়নের কাছে বাড়তি সময় চেয়েছিলো যুক্তরাজ্য।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এই সময়সীমার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে বলে জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর বিষয়ে বৈঠক হয়।

৫ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে ডোনাল্ড টাস্ক বলেন, ‘ব্রিটিশ বন্ধুদের জন্য আমাদের বার্তা হলো, দয়া করে এই সময়টা নষ্ট করবেন না।’

তিনি জানান, কর্মসূচি অবশ্যই সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের হাতে থাকবে। তারা এখনো ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে পারে, সে ক্ষেত্রে এই বাড়ানো সময় বাতিল করা যাবে।

এর আগে ডোনাল্ড টাস্ক ব্রেক্সিটের জন্য ইইউয়ের কাছে যুক্তরাজ্যকে ‘১২ মাসের নমনীয়’ সময় দেওয়ার প্রস্তাব করেছিলেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, যত দ্রুত সম্ভব ইইউ ছেড়ে যাওয়া যুক্তরাজ্যের লক্ষ্য।

ইইউ-এর নির্বাচন প্রসঙ্গে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেন, ইউরোপের নির্বাচনে এখন যুক্তরাজ্যকে থাকতে হবে। তা না হলে আগামী ১ জুন কোনো চুক্তি ছাড়া বিচ্ছেদ ঘটাতে হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ইইউ-এর সাথে বিচ্ছেদ কার্যকরের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রিটিশ রাজনীতিকদের অনৈক্যের কারণে তা হয়নি। দিনটি পিছিয়ে ১২ এপ্রিল নির্ধারণ করা হয়।

কিন্তু এখন পর্যন্ত চুক্তিতে বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট। তাই সময় বাড়ানোর আবেদন জানায় দেশটি।