৩৬ তম বিসিএস: নন-ক্যাডারে আবেদন করেছেন ২৭০০ জন




পিএসসি জানিয়েছে , ৩৬তম বিসিএসে নন-ক্যাডার পদের জন্য প্রায় ২ হাজার ৭০০ প্রার্থী আবেদন করেছেন। এই বিসিএসে ক্যাডার না পাওয়া ৩ হাজার ৩০৮ জনকে নন-ক্যাডারে রাখা হয়েছে।
পিএসসি সূত্র জানায়, নন-ক্যাডারে প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৩০৮ জন। প্রায় ৬০০ জন নন–ক্যাডারের জন্য আবেদন করেননি।
পিএসসি বলছে, নন-ক্যাডারে থাকা কিছু প্রার্থী আগের বিসিএসে ক্যাডার বা নন-ক্যাডারে চাকরি করছেন বলে তাঁরা এতে আবেদন করেনি। এটি একদিক থেকে নন-ক্যাডারের প্রার্থীদের জন্য ইতিবাচক। কেননা, তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ল।
গত মাসে পিএসসির একটি সূত্র জানিয়েছিল, তখন পর্যন্ত তারা প্রায় ১ হাজার ৮০০ শূন্য পদে নিয়োগের চাহিদাপত্র পেয়েছে। এখন এটা আরও বেড়েছে বলে ওই সূত্রের দাবি।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন পদের চাহিদা আসছে। তবে কত আসছে, তা এখন বলতে পারছি না। এখন আমরা মূলত আসন্ন ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ব্যস্ত।’
গত ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ক্যাডার না পাওয়া ৩ হাজার ৩০৮ জনকে নন-ক্যাডারে রাখা হয়েছে। ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৯২টি, পুলিশ ক্যাডারে ১১৭, কর ক্যাডারে ৪২, পররাষ্ট্র ২০, নিরীক্ষা ও হিসাব ১৫, কৃষি ৩২২, মৎস্য ৪৮, স্বাস্থ্য সহকারী সার্জন ১৮৭, পশুসম্পদ ৪৩টিসহ ২ হাজার ৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয়। দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।