ছাত্রলীগ নেতার করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অন্যতম নেতা রাশেদ খানকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার পুলিশ রাশেদকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. রায়হানুল ইসলাম পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতে শুনানির সময় রাশেদ খান নিজেকে নির্দোষ দাবি করেন।
গত শনিবার রাতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধেএকটি মামলা করেন ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। এজাহারে বলা হয়েছে, গত ২৭ জুন রাত আটটা আট মিনিটে রাশেদ খান ফেসবুক লাইভে মিথ্যা, মানহানিকর ও নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে বক্তব্য দেন। কিছু বক্তব্য প্রধানমন্ত্রীর সুস্পষ্ট মানহানি ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ মামলায় গতকাল রোববার রাশেদকে ভাষানটেক থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়ার আগে ফেইসবুক লাইভে এসে রাশেদ বলেন, গোয়েন্দা পুলিশ তার পিছু নিয়েছে।
তাকে বলতে শোনা যায়, “ভাসানটেক মজুমদারের মোড় এলাকায় ডিবি আমাকে ধাওয়া দিয়েছে। আমি একটি বাড়িতে আশ্রয় নিয়েছি। সবাই আমাকে বাঁচান।”
আরও পড়ুন;
