২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী হতে চেয়েছিলেন দেশটির শীর্ষ ধনী ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। সেইসাথে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে হটাতে জীবনে অর্জিত সব অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন এই ধনকুবের।
সেজন্য তার নির্বাচনী প্রচারণায় গত তিন মাসে ৫০ কোটি ডলার (৪,২৫১ কোটি টাকা) খরচ করেছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এত পরিমাণ টাকা দু হাতে উড়িয়েছেন শুধুমাত্র ট্রাম্পকে হটানোর জন্য।
কিন্তু সর্বশেষ এত টাকা খরচ করেও কোনো অঙ্গরাজ্যেই প্রাথমিক ভোটে জয়লাভ করতে পারেননি তিনি। এর কারণেই ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্লুমবার্গ। তিনি আরও বলেছেন যে, নির্বাচনী আর কোন প্রচারণা চালাবেন না।
বুধবার এক বিবৃতিতে ব্লুমবার্গ দেশবাসীর উদ্দেশে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোর প্রতিযোগিতায় নেমে তিন মাস লড়াই করেছি। তবে এ লড়াইয়ে আর থাকছি না আমি। আমি প্রতিযোগিতা ছেড়ে যাচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচনে আমি আর প্রার্থী হচ্ছি না। তবে নির্বাচন থেকে নিজে সরে দাঁড়ালেও ট্রাম্পকে হারানোর প্রতিযোগিতা ছাড়ছি না।
উল্লেখ্য, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রার্থী নির্ধারণ করতে গত ৩ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রাইমারি নির্বাচন শুরু হয়েছে। সেখানে প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র: সিএনএন, রয়টার্স

