৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা তুরস্কের


তুরস্কে


তুরস্কে বাড়িতে ব্যাবহার্জ্য বিদ্যুৎ এবং গ্যাসের দাম ২০ শতাংশ এবং শিল্প-কারখানায় ব্যাবহার্জ্য বিদ্যুৎ এবং গ্যাসের দাম ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

বিদ্যুৎ এবং গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি ০.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধি ও মূল্যস্ফীতির ফলে পরোক্ষভাবে প্রভাব ফেলে, কারণ উৎপাদকরা ভোক্তাদেরই ওপর সেই খরচ চাপিয়ে দেয়।

তুরস্কের জ্বালানি আমদানিকারক বোটাস এর মতে, প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে ২০.৪ শতাংশ, ছোট থেকে মাঝারি আকারের শিল্পের ক্ষেত্রে ৪৭.৬ শতাংশ এবং বড় শিল্পের ক্ষেত্রে ৫০.৮ শতাংশ বৃদ্ধি পাবে।

বোটাস আরো জানায়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৪৯.৫ শতাংশ বাড়ানো হয়েছে।

তুরস্কের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা এবং বোটাস মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধ এবং কভিড-১৯ মহামারিকে দায়ী করছে। সেই সঙ্গে তুরস্কের মুদ্রা লিরার তীব্র দরপতন – ২০২১ সালে ৪৪ শতাংশ এবং এই বছর ২৭ শতাংশেরও বেশি হওয়ায় এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

তুরস্ক তার প্রাকৃতিক গ্যাস এবং তেলের চাহিদা মেটাতে প্রায় সম্পূর্ণভাবে আমদানির ওপর নির্ভর করে। এছাড়া কভিড-১৯ মহামারির পর অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে। এই বছর বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।

বোটাসের মতে, সরকার এখনো বাড়িতে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দামের ৮০ শতাংশের বেশি ভর্তুকি দেয়।