৮৬ দিন পর নিউইয়র্কে কোনো মৃত্যু নেই


Corona #paperslife

মার্চ মাসের ১১ তারিখের পর বুধবার প্রথম মৃত্যুশূন্য কোন দিন দেখল নিউইয়র্কবাসী। বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যস্ত ও হটস্পট নিউইয়র্ক শহরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঙ্গরাজ্য নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৮৪ হাজার জন। মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষের।

নগরীর মেয়র ডি ব্লাজিওর মুখপাত্র ফ্রেডি গোল্ডস্টেইন বলেন, ‘আজ আমরা করোনাভাইরাসে মৃত্যুর কোন খবর পাইনি। তিনি আরও জানান,নিউইয়র্কে কভিড-১৯ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও হ্রাস পেয়েছে, যা সত্যি ভালো খবর।’

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তিন ধাপে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নগরীর মেয়র ব্লাজিও।

তিনি জানান, হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমে এসেছে। আইসিউতে রোগীর সংখ্যা বেশি নেই, এটা সত্যি ভালো খবর। আমরা আস্তে আস্তে আবার আগের মতো সব কিছু খুলে দেব।

করোনার প্রকোপের মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ধীরে ধীরে চালু হচ্ছে।  শুক্রবার থেকে পুনরায় সেখানকার সবকিছু চালু করা হয়েছে।

যদিও ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার সতর্ক করে বলেছেন যে, এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানী ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সবকিছু বন্ধ রাখা হয়েছিল। তবে এর মধ্যেই বিভিন্নস্থানে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৩৯০ জনের।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। এছাড়া মারা গেছেন তিন লাখ ৯৮ হাজারের বেশি। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।