ভারতে চলছে লোকসভা নির্বাচন। ৯০ কোটি ভোটারের অংশগ্রহণে বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ নির্বাচন এটি।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ১৮টি রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ চলছে।
ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার ৫৪৩টি আসনে ভোট হবে মোট সাত ধাপে। সরকার গঠন করতে হলে অন্তত ২৭২টি আসন পেতে হবে একটি দলকে।
সপ্তদশ লোকসভা নির্বাচনের সব ধাপের ভোটগ্রহণ শেষে ২৩ মে হবে গণনা; সেদিনই জানা যাবে, কে যাচ্ছেন দিল্লির মসনদে। ভারতে এবারের সাধারণ নির্বাচনকে দেখা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা যাচাইয়ের পরীক্ষা হিসেবে।
মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে মূল লড়াইটা হবে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন দল ভারতীয় কংগ্রেসের, যার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী।
এদিকে জনমত জরিপে মোদীর দলের এগিয়ে থাকার আভাস মিললেও রাজ্যের ফলাফলে প্রভাবশালী আঞ্চলিক দলগুলোও ভোটের মোড় ঘুরিতে দেওয়ার শক্তি রাখে।
সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে গতবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। যার মধ্যে ২৮২টি আসন জিতে নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪টি আসনে।
গত নির্বাচনে ভোট পড়েছিল ৬৬ শতাংশের বেশি। আর সবগুলো আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিকটতম প্রার্থীকে ৫ লাখ ৭০ হাজার ১২৮ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তিনি।

