ফিক্সিং ক্যালেঙ্কারিতে জড়িত অস্ট্রেলিয়া ক্রিকেট দল আছে পুনর্বাসন প্রক্রিয়ায়। দলের সেরা দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার আছেন নির্বাসিত। দলের এই লজ্জাজনক কর্মকাণ্ডের দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ ড্যারেন লেহম্যান। এরপরই থেকেই নতুন কোচ খোঁজা শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কে হবে ড্যারেন লেহম্যানের উত্তরসূরি? শুরুতে সাবেক অজি পেসার জেসন গিলেস্পি, হ্যাটট্রিক বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক রিকি পন্টিংদের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত আগামী চার বছরের জন্য অজিদের তিন ফরমেটের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
৪৭ বছর বয়সী ল্যাঙ্গারের এর আগেও অস্ট্রেলিয়া দলকে কোচিং দেয়ার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে স্মিথদের কোচ ছিলেন তিনি। এবার দীর্ঘ মেয়াদে পাঁচ বারের চ্যাম্পিয়নদের দায়িত্ব দিবেন তিনি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং বিগ ব্যাশ দল পার্থ সকারের কোচ হিসেবে গত পাঁচ মৌসুমে দারুণ সময় পার করছেন তিনি। অসাধারণ সফলতার পরিচয় দিয়ে তিনি জিতেছেন তিনটি বিগ ব্যাশ শিরোপা। এছাড়াও দুটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট নিজের করে নিয়েছেন। এতসব সাফল্যের আস্থা কুড়িয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার। যার ফলশ্রুতিতে বড় দায়িত্ব পেছেন অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের সাবেক এই ওপেনার।
নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ল্যাঙ্গার। এছাড়াও রোমাঞ্চ অনুভব করে তিনি বলেন, ‘নতুন দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। তবে আমাদেরকে গর্বিত করবে, এমন মেধাবি ক্রিকেটারের অভাব অস্ট্রেলিয়াতে নেই।’
এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘ল্যাঙ্গারকে কোচ হিসেবে নিয়োগ দিতে পেতে আমরা রোমাঞ্চিত। ড্যারেনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছর, এর মাঝেই আমরা তার উত্তরসূরিকে নিয়ে কিছু পরিকল্পনা করে রেখেছিলাম।’
এ সময় তিনি ল্যাঙ্গারের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই দলকে নেতৃত্ব দিতে সে সঠিক ব্যক্তি। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সে যেমন সাহসী ছিল, এই ভূমিকাতেও তেমনই হবে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়ার হয়ে, তাদের গড়ে তোলার পেছনেও সে সফল হবে।’
খেলোয়াড়ি জীবনে ল্যাঙ্গারের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ছিল। মূলত টেস্ট ব্যাটসম্যান হিসেবে নাম কুড়িয়েছেন বেশ। ১৯৯৩ সালের জানুয়ারিতে অভিষেক হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে ১০৫টি টেস্ট খেলেছেন ল্যাঙ্গার। ২৩ সেঞ্চুরি আর ৩০ ফিফটিসহ ৭৬৯৬ রান করেছেন তিনি। ২০০৭ সালের জানুয়ারিতে টেস্টকে বিদায় বলেন বাঁ-হাতি এই ওপেনিং ব্যাটসম্যান।
