আইজিসিএসই-তে বাংলাদেশের গৌরব: পাঁচ শিক্ষার্থী গণিতে বিশ্বসেরা



ক্যামব্রিজ পাঠ্যক্রমভিত্তিক ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় এ বছর পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী গণিতে শতভাগ নম্বর অর্জন করে বিশ্বসেরা হয়েছেন। তারা হলেন ফাইয়াজ সিদ্দিকী, অহনা সাহা, মোহাম্মদ মোহায়মিন উদ্দিন নাইব, বুশরা রুবানা আফরোজ এবং সম্বৃত অম্বর। এই কৃতী শিক্ষার্থীরা সবাই উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী।

ফাইয়াজ সিদ্দিকী ৯৬ শতাংশ এবং অহনা সাহা ৯৫.৬ শতাংশ নম্বর পেয়ে ‘স্কুল টপার’ হওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া অহনা ‘ক্যামব্রিজ আইসিই অ্যাওয়ার্ড উইথ ডিস্টিংশন’ পেয়েছেন। গত ১৯ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সম্প্রতি ফলাফল প্রকাশিত হয়।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের এই ব্যাচের সামগ্রিক ফলাফলও অত্যন্ত প্রশংসনীয়। স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২০০ শিক্ষার্থীর মধ্যে ৪১ জন ৯০ শতাংশ বা তার বেশি এবং ৯৯ জন ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। স্কুলের সামগ্রিক গড় ফলাফল ৮০.৩ শতাংশ।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অধ্যক্ষ অম্লান কে সাহা বলেন, “এই ফলাফল শুধু নম্বরের সংখ্যা নয়, এটি আমাদের মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার প্রতিফলন। আমরা এই সাফল্য উদযাপন করছি এবং ভবিষ্যতে অ্যাকাডেমিক উৎকর্ষ ধরে রাখতে এবং শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, স্কুলটি শিক্ষার্থীদের বৈশ্বিক মানের শিক্ষা প্রদানে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।