যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫১ শতাংশ কমেছে।
এ নিয়ে সিবিওটিতে টানা পাঁচ কার্যদিবস কৃষিপণ্যটির দামে মন্দাভাব বজায় রয়েছে। অন্যদিকে এদিন সিবিওটিতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে ভুট্টার দাম বাড়লেও কমেছে গমের। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৬৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৫ সেন্ট কম। এক দিনের ব্যবধানে কৃষিপণ্যটির দাম কমেছে দশমিক ৫১ শতাংশ।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের কারণে চীনা বাজারে মার্কিন সয়াবিন রফতানির ভভিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সয়াবিন উৎপাদনকারী অঞ্চলগুলোয় আবহাওয়া পরিস্থিতি আগের তুলনায় উষ্ণ হয়ে উঠেছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। আবহাওয়াজনিত কারণে উৎপাদন ব্যাহত হয়ে এসব অঞ্চল থেকে কৃষিপণ্যটির সরবরাহ কমে আসতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে চীনের বাজারে রফতানি কমার সম্ভাবনা সিবিওটিতে পাঁচ কার্যদিবস ধরে সয়াবিনের দামে ধারাবাহিক মন্দাভাব বজায় রেখেছে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে সিবিওটিতে ভুট্টার দাম আগের দিনের তুলনায় দশমিক ৪০ শতাংশ বেড়েছে। দিন শেষে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৭৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ সেন্ট বেশি।
