২০১১ সালের ৬ই সেপ্টেম্বর। লিওনেল মেসি এসেছিলেন বাংলাদেশে। ছিল পুরো আর্জেন্টিনা দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিল একটি প্রীতি ম্যাচ।
মেসিকে আবারো আনার পরিকল্পনা করছে সরকার। ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নিয়ে বিস্তর আয়োজন হবে বাংলাদেশে।
এর পরিকল্পনার অংশ হিসেবে আবারো বাংলাদেশে আসতে পারে পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা ফুটবল দল। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নব রাষ্ট্রদূত ড্যানিয়েল চোবুরু (দিল্লিভত্তিক) মন্ত্রণালয়ে এ নিয়ে আলোচনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একটা ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলকে অভ্যর্থনার জন্য মুখিয়ে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ২১ শে মার্চ আর্জেন্টিনায় একটি বৈঠকে বসেন দেশের পররাষ্ট্রমন্ত্রী। আর্জেন্টিনায় বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথাও আলোচনা করেন তিনি। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার বিষয়ে সম্মতি দিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্সেলো ফাউরি।

