২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল, ১২৭ তম মিনিটে বাম পায়ের বুট বাড়িয়ে দিলেন মারিও গোটজে। বল আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোকে ফাঁকি দিয়ে খুঁজে নিয়েছে জালের ঠিকানা। জার্মানি উড়েছে, নিথর হয়ে গিয়েছে আর্জেন্টিনা। মেসির হতাশা, দু চোখে জল, বিশ্বকাপের ওই সোনালী ট্রফিকে খুব কাছ থেকে দেখেও ছুঁতে না পারার আক্ষেপ – সেই সুপার মারিও বা মারিও গোটজে নেই জার্মানির বিশ্বকাপ দলে।
প্রতিযোগিতামূলক জায়গায় আবেগের কোনো স্থান নেই। আর দলটা যখন জার্মানি, তখন আবেগটাকে বিসর্জন যে দিতেই হয়। আর সেকারণেই চতুর্থ বিশ্বকাপ উঁচিয়ে ধরার নায়ক গোটজে বর্তমান ফর্মের কারণেই বাদ পড়েছেন। রাশিয়া বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের জার্মানি দল ঘোষণা করেছে জোয়াকিম লো। সেই দলে নেই গোটজে।
তবে আছেন ৩২ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। গত সেপ্টেম্বরে পা ভেঙে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন জার্মানির একনম্বর এই গোলরক্ষক।
বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে মৌসুমটা তাঁর ভালো কাটেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে মাত্র ২ গোল। ধারণাই ছিল, হয়ত রাশিয়ায় সুযোগ মিলছে না ব্রাজিল বিশ্বকাপ জয়ের নায়কের। জোয়াকিম লো এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ‘এটা তার মৌসুম ছিল না। সে নিজের যোগ্যতাটুকু দেখাতে পারেনি। কোনো ফর্ম নেই। আশা করি, বিরতির পর সে ডর্টমুন্ডে সতেজ হয়ে ফিরবে।’
রাশিয়া বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে জার্মানির তিন প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ১৭ জুন মেক্সিকোর মুখোমুখি হয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার অভিযান শুরু করবেন লো’র শিষ্যরা। জার্মানির প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে জানানো হয়, লো’র সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।
জার্মানির ২৭ সদস্যের প্রাথমিক দল :
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগান (বার্সেলোনা) ও কেভিন ট্র্যাপ (পিএসজি) বেনার্দ লেনো (লেভারকুসেন)।
ডিফেন্ডার: জেরোম বোয়াটেং (বায়ার্ন), ম্যাথিয়াস জিন্টার (মুনশেনগ্লাডবাখ), হোনাস হেক্টর (কোলন), ম্যাট হামেলস (বায়ার্ন), জশুয়া কিমিখ (বায়ার্ন), মারভিন প্লাতেনহার্ট (হার্থা বার্লিন), আন্তোনিয় রুডিগার (চেলসি), নিকলাস সুল (বায়ার্ন), জোনাথন বাহ (লেভারকুসেন)।
মিডফিল্ডার: জুলিয়ান ব্রান্দ (লেভারকুসেন), জুলিয়ান ড্রাক্সলার (পিএসজি), লিওন গোর্তেকা (শালকে), ইকাই গুন্দোগান (ম্যানচেস্টার সিটি), সামি খেদিরা (জুভেন্টাস), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), সেবাস্তিয়ান রুদি (বায়ার্ন), লেরয় সানে (ম্যানচেস্টার সিটি)।
স্ট্রাইকার: মারিও গোমেজ (স্টুটগার্ট), থমাস মুলার (বায়ার্ন), নিলস পিটারসেন (ফ্রেইবুর্গ), মার্কো রয়েস (ডর্টমুন্ড) ও টিমো ওয়ের্নার (লাইপজিগ)।
