আইন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গাবতলীর স্থায়ী ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মকবুল আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্টার আ.ফ.ম গোলাম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট ডিন ড. ফারজানা আলম, আইন বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান এ.ওয়াই.এম ফজলুল হক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মকবুল আহমেদ খান তিনার বক্তব্যে বলেন, আজ তোমরা এ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের জন্য এসেছো, চার বছর পর জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে বের হবে এবং স্ব স্ব অবস্থানে মাথা উঁচু করে বাঁচবে এই আশীর্বাদ দিয়ে তোমাদেরকে বরণ করে নিচ্ছি। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
ড.ফারজানা আলম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ সব দিক দিয়ে এগিয়ে গেছে। নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে কিন্তু ন্যায়বিচার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। আপনারা আগামীদিনে এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখার সুযোগ পাচ্ছেন। আমি আশা করবো আপনারা নিজের বিবেক ও জ্ঞান দ্বারা পরিচালিত হবেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের ওপর পরামর্শমূলক আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত ইইউবির রেজিস্টার আ.ফ.ম গোলাম হোসেন এবং আইন বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ব্যারিস্টার এ.ওয়াই.এম ফজলুল হক।
অনুষ্ঠানের এক পর্যায়ে ”শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি… বাংলাদেশ, আমার বাংলাদেশ।গানটি পরিবেশন করেন শিক্ষার্থীরা।

