পাকিস্তান ক্রিকেট দলের একসময়ের পরিচিত মুখ ইনজামাম উল হক। বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের অন্যতম পাকিস্তান দলের সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অন্যজন মার্ক বাউচার, ছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অবদান অনস্বীকার্য। আর সে কারণেই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সম্মানিত সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন এই দুই সাবেক ক্রিকেটার।
গতকাল (শুক্রবার) পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে এ মর্যাদা দেওয়া হয়।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইনজামাম-উল-হক। তবে ক্রিকেট ছাড়ার আগে নিজের জাত চিনিয়েছেন তিনি।

খেলেছেন ১১৯ টেস্ট। ৫০.১৬ গড়ে রান করেছেন ৮,৮২৯। সেঞ্চুরি ২৫টি। অন্যদিকে ৩৭৮টি ওয়ানডেতে ৩৯.৫০ গড়ে ১১,৭৩৯ রান করেন তিনি। এছাড়াও ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
অপরদিকে প্রোটিয়াদের হয়ে ১৪৬ টেস্ট খেলা মার্ক বাউচার উইকেটের পেছনে দাঁড়িয়ে নিয়েছেন ৫৩০টি ক্যাচ এবং স্ট্যাম্পিং করেন ২৩টি স্ট্যাম্পিং। ব্যাট হাতে তার রান সংখ্যা ৫,৪৯৮ রান।

টেস্ট ও ওয়ানডে-দুই ফরম্যাট মিলিয়ে ৯৯৮ ক্যাচ এবং স্ট্যাম্পিং নিয়ে বিরল রেকর্ডের মালিক তিনি।
বর্তমানে টাইটানস দলের কোচের ভূমিকায় আছে বিশ্বনন্দিত এই ক্রিকেটার।
এর আগে ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস শহীদ আফ্রিদি, অ্যালান ডোনাল্ড, জন্টি রোডস, শন পোলক ও ডারিল কুলিনানকে এমন সম্মাননা প্রদান করা হয়।

