দেশে চলমান করোনাভাইরাস সংক্রমণের কারণে ইতোমধ্যে সারদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এবার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। সেইসাথে করোনা প্রকোপ, রোজা এবং ঈদ সব মিলিয়ে বিশাল ছুটির কবলে পড়ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
এছাড়াও জানা গেছে, চাঁদ দেখার উপর নির্ভর করে ২৫ এপ্রিল থেকে ঈদ পর্যন্ত টানা ছুটি চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তারা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তারা সিদ্ধান্ত নিলে একই সিদ্ধান্ত আমরাও নেবো।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানের ছুটির আগের দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারপর রমজানের ছুটি শুরু হবে। সেই হিসেবে ঈদ পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের ছুটির পর।
তবে দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের ক্লাস অব্যাহত থাকবে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।

