এক্সিট ভিসা বিলুপ্ত করছে কাতার



মধ্যপ্রাচ্যের দেশ কাতার অভিবাসী শ্রমিকদের বিতর্কিত প্রস্থান ভিসা (এক্সিট ভিসা) ব্যবস্থা বিলুপ্ত করতে একটি চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে। বিদ্যমান এ ভিসা পদ্ধতিতে কাতার ত্যাগের আগে কর্মীদের নিজ নিজ নিয়োগদাতার অনুমোদন নিতে হয়।
কাতারের শ্রম আইন সংস্কারবিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণে জাতিসংঘের সঙ্গে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। এ চুক্তির অংশ হিসেবে দোহায় নিজেদের কার্যালয় খুলেছে আইএলও। শ্রম সংস্থাটির উপস্থিতি কেন্দ্র করেই কাতার অভিবাসী শ্রমিকদের প্রস্থান ভিসা অবলুপ্তির যুগান্তকারী চুক্তি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের মহাসচিব শারান বারো বলেন, আমরা এখন এক্সিট ভিসার চূড়ান্ত খুঁটিনাটি বিষয়গুলো নিজে কাজ করছি। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে এ-বিষয়ক চুক্তি সই হবে।’ বারো একসময় কাতারের শ্রম আইনের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরো কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে, চুক্তিটি শিগগিরই সই হচ্ছে।
কাতারের শ্রম ব্যবস্থার সমালোচকরা দীর্ঘদিন ধরেই এক্সিট ভিসা ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। এ ভিসা ব্যবস্থাকে বিপুল পরিমাণ অভিবাসী শ্রমিকদের দমন-নিপীড়নের প্রধান উদাহরণ হিসেবে দেখিয়ে আসছেন তারা। কাতারে অভিবাসী শ্রমিকের সংখ্যা প্রায় ২০ লাখ। বিশ্বকাপ ২০২২ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক চাপ এবং নজরদারির মধ্যে রয়েছে কাতার। উল্লেখ্য, কাতার জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোয় তারা সপ্তাহে ৫০ কোটি ডলার ব্যয় করছে।