এখন থেকে এসএসসি পরীক্ষার ফল জানতে এসএমএস করতে হবে না। পরীক্ষার্থীর অভিভাবকদের মোবাইলে নিজ থেকেই ফল জানিয়ে দেবে যশোর শিক্ষা বোর্ড।
গত ৪ এপ্রিল নিজেদের ওয়েবসাইটে এমনই একটি তথ্য প্রকাশ করেন যশোর শিক্ষা বোর্ড। এর একদিন পর গত রোববার (৫ এপ্রিল) বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ফলপ্রত্যাশীদের মোবাইল নম্বর জমা দেয়া দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।
তবে দেশে চলমান করোনা সংকটের কারণে নির্ধারিত মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে পারার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।
করোনা ভাইরাসের প্রভাবে নয়, বরং ফলাফল দ্রুততম সময়ে পৌঁছে দিতে ও ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

