করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনে আছে বিশ্বের বেশিরভাগ দেশ। এ অবস্থায় ভেঙ্গে পরেছে অনেক দেশের পরিবহন ব্যবস্থা। বিভিন্ন পরিবহন সংস্থাও গুণছে লোকসান। কর্মী ছাটাইয়ের ঘটনাও ঘটছে বিভিন্ন প্রতিষ্ঠানে। এরই ধারাবাহিকতায় ৩৭০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উবার।
উবার জানিয়েছে, গ্রাহক সেবা এবং নিয়োগ, এই দুই বিভাগ থেকে এই কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। উবারের সর্বশেষ হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ২৬ হাজার নয়শ’। সেই হিসাবে ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা ১৪ শতাংশ বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
নথিতে উবার আরও বলছে, বছরের বাকী সময় নিজের মূল বেতন কমিয়ে নেবেন প্রতিষ্ঠান প্রধান দারা খোসরোশাহি। ২০১৯ সালে তার মূল বেতন ছিলো ১০ লাখ মার্কিন ডলার। তবে, গত বছর তার আরও অনেক বেশি আয় এসেছে অর্জিত বোনাস এবং শেয়ার থেকে।

