করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারই প্রভাব পড়েছে পশু-পাখিদের ওপরও। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পশু পাখিরাও মানুষের সাথে হাত ধুয়ে পরিষ্কার হচ্ছে।
সম্প্রতি ওরাংওটাংয়ের হাত ধোয়ার একটি ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক জায়গায় তিনটি ওরাংওটাং ও তিনজন বনকর্মী রয়েছেন। আর সেখানে একটি ছোট্ট জলার মতো অংশে বারবার হাত ধুচ্ছে ওরাংওটাং।
গত মঙ্গলবার ভিডিওটি ‘ওরাংওটাং জঙ্গল স্কুল’ নামে একটি ফেসবুক পেজে আপলোড হয়েছে। তবে এটি সম্প্রতি রেকর্ড হয়েছে কিনা তা জানা যায়নি। করোনা সচেতনতায় এই ভিডিও পোস্ট করা হয়েছে বলে সেখানে লেখা হয়েছে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি মিরক্যাটের মতো একটি প্রাণীর ভিডিও পোস্ট করেছেন। সেটি একটি প্লাস্টিকের গামলায় বেশ কয়েক সেকেন্ড ধরে হাত ধুচ্ছে। পরভিনও পোস্টের সঙ্গে ‘#করোনা ভাইরাস’ জুড়ে দিয়েছেন।
সেই ভিডিওর কমেন্ট বক্সে আবার এক ইউজার আরেকটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি গিরগিটি কলের পানিতে হাত ধুয়ে যাচ্ছে।

