কলেজে ভর্তির শেষ ধাপে আবেদন করতে পারবেন যার


hsc#paperslife

একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে শেষ সুযোগ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির তৃতীয় ও চূড়ান্ত ধাপের কার্যক্রম আজ সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। এ ধাপের আবেদন ও ভর্তি কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল গতকাল রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে।

এবারের ভর্তি কার্যক্রমে তৃতীয় ধাপকেই সর্বশেষ সুযোগ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে আগের ধাপগুলোতে বাদ পড়া কিংবা বিভিন্ন কারণে ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের জন্য এটিই শেষ সুযোগ।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যারা এখনো আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, নির্বাচিত হওয়ার পর নিশ্চায়ন করতে পারেনি অথবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেনি, তারাও এই ধাপে আবেদন করার সুযোগ পাবে।

শেষ ধাপে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কলেজের শূন্য আসন বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। এ ক্ষেত্রে ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে আগের আবেদনের কলেজ পছন্দক্রম সংশোধন করলেই হবে।

এ ছাড়া কোটায় আবেদনকারীদের যোগ্যতা যথাযথভাবে যাচাই করার নির্দেশনা দিয়েছে বোর্ড। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার পাশাপাশি কলেজে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, আবেদন কিংবা ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী বা সংশ্লিষ্টদের ভুলের কারণে কোনো ধরনের জটিলতা তৈরি হলে এর দায়ভার বোর্ড কর্তৃপক্ষ নেবে না। তাই নির্ধারিত সময়সীমা ও নির্দেশনা মেনে ভর্তি প্রক্রিয়া শেষ করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।