২০ ওভারে স্কোরবোর্ডে ২১৮ রান জড়ো করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই স্কোরটিও নিরাপদ মনে হচ্ছিল না। আর একটু হলেই যেন ছুঁয়ে ফেলছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে হায়দ্রাবাদ পারেনি, হেরেছে ১৪ রানে। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ ব্যাটিং তান্ডব চালিয়েছে দুই দল। ঝড়ের বেগে বল আছড়ে পড়েছে গ্যালারীতে। আজ দর্শকদের পূর্ন বিনোদন দিয়েছে এবিডি ভিলিয়ার্স, মঈন আলী, কেন উইলিয়ামসন, মানিস পান্ডেদের ঝড়।
শুরুটা ভিলিয়ার্সকে দিয়ে। ভিরাট কোহলি যখন রশিদ খানের বলে ১২ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন আরসিবির রান ৩৮ রানে ২ উইকেট। এর আগে পার্থিব প্যাটেলকে আউট করেন সন্দ্বীপ শর্মা। এরপর হায়দ্রাবাদ বোলারদের উপর তান্ডব চালান মঈন আলী ও এ বি ডি ভিলিয়ার্স। তাদের ১০৭ রানের জুটি তখন রান পাহাড়ে চড়ার স্বপ্ন দেখাচ্ছে ব্যাঙ্গালুরুকে। কখনো ভিলিয়ার্স, কখনোবা মঈন আলী। তাদের ব্যাটে রানের ফোয়ারা, চার ছয়ের ফুলঝুরি।
৩৯ বলে ১২ চার ও ১ ছয়ে ভিলিয়ার্স করেন ৬৯। আর মঈন আলী করেন ৩৪ বলে ৬৫ রান। যেখানে ছিল ২টি চার ও ৬টি বিশাল ছয়ের মার। তাদের দুইজনকে একই ওভারে থামান রশিদ খান। ভিলিয়ার্সকে সীমানার পাড়ে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচে তালুবন্দী করেন শিখর ধাওয়ান এবং রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মঈন আলী। তখন ১৪৯ রানে ৪ উইকেট। দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে ২০০ পেরোনোর শঙ্কায় পরে আরসিবি।
সেই শঙ্কা উড়িয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। তার ১ চার ও ৪ ছয়ে ১৭ বলে ৪০ এবং শেষে সরফরাজ খানের ৮ বলে ২২ রানের উপর ভর করে ৬ উইকেটে ২১৮ রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৪ ওভার বল করে কোনো উইকেট না নিয়ে ৩৫ রান দেন সাকিব আল হাসান।
জবাবে শুরুতেই শিখর ধাওয়ান (১৮) আউট। ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য ক্যাচে যখন এলেক্স হেলস ২৪ বলে ৩৭ করে আউট হন, হায়দ্রাবাদের সংগ্ৰহ ২ উইকেটে ৬৪। এরপর দুর্দান্ত কেন উইলিয়ামসন ও নিজেকে হারিয়ে খুঁজে ফেরা মানিস পান্ডে ঝড় তুলেছেন ব্যাঙ্গালুরু বোলারদের উপর। ঠিক যেন ভিলিয়ার্স-মঈন আলী। তাদের অনবদ্য জুটি ১৩৫ রানের।
শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ৪২ বলে ৮১ রানের ধংসযজ্ঞে মাতেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। তার ব্যাটে ছিল ৭টি চার ও ৫টি ছয়ের ঝড়। এই ঝড় গ্র্যান্ডহোমের হাতে থামার পর আর পারেনি হায়দ্রাবাদ। ৩৮ বলে ৬২ রানে অপরাজিত থাকার পরেও দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেনি মানিস পান্ডে।
দুর্দান্ত এই খেলায় সবকিছু ছাপিয়ে আলোচনায় ফিল্ডিং। ভিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের হাতে ক্যাচ মিস, ফিল্ডিং ছুটেছে অহরহ। সাথে ভিলিয়ার্স, ধাওয়ান, রশিদ খানদের দুর্দান্ত ক্যাচ। যা চোখকে প্রশান্তি দেয়! এবং সব শেষে প্লে অফের আশা বেঁচে থাকলো ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।
