কৃষিপণ্যের সাপ্তাহিক বাজারে মিশ্র প্রবণতা



মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে কৃষিপণ্যের দাম। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে গম ও ভুট্টার গড় দামে তেজিভাব দেখা গেছে। তবে এ সময় সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে।
সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৪ ডলার ৭২ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ২১ সেন্ট বেশি। একই চিত্র দেখা গেছে ভুট্টার দামে। এ সময় খাদ্যপণ্যটির গড় দাম বেড়েছে আগের সপ্তাহের তুলনায় দশমিক ১৯ শতাংশ। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা গড়ে ৩ ডলার ৮৮ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৭৫ সেন্ট বেশি।
তবে সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে গম ও ভুট্টার বাড়লেও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ১১ সেন্ট কমেছে। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয়েছে ১০ ডলার ৩৪ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক শূন্য ৫ শতাংশ কম। কয়েক সপ্তাহ ধরেই সিবিওটিতে সয়াবিনের দাম কমতির দিকে রয়েছে।
মূলত বৈরী আবহাওয়ার জের ধরে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা থেকে গম ও ভুট্টা সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এ সম্ভাবনা থেকে খাদ্যপণ্য দুটির দামে তেজিভাব দেখা দিয়েছে। অন্যদিকে গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর বর্ধিত ১০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর জের ধরে পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমিয়ে দিতে পারেন চীনা আমদানিকারকরা। এমনকি বাণিজ্য যুদ্ধের ডঙ্কা পুরোদমে বেজে উঠলে মার্কিন সয়াবিনে বাড়তি আমদানি শুল্ক আরোপ করতে পারে বেইজিং। এ সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের ডামাডোলে আগামী দিনগুলোতে সয়াবিনের দামে ধারাবাহিক নিম্নমুখিতা বজায় থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।