ক্লান্ত ভিলিয়ার্স জানাচ্ছেন বিদায়




বিশ্বকাপের বাকি একটি বছর। এরই মধ্যে হুট করেই নিজের সিদ্ধান্ত জানালেন দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। টেস্ট, ওডিআই কিংবা টি২০ – সব ফরমেট থেকেই বিদায় নিচ্ছেন এই ক্রিকেটার।
আজ বুধবার (২৩ মে) ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান হঠাৎ করেই নিজের এ সিদ্ধান্তের কথা জানান। এটিই উপযুক্ত সময় বলে মনে করেন তিনি। অবসর সম্পর্কে তিনি বলেন, ‘আমি সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ১১৪টি টেস্ট ম্যাচ, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-২০ ম্যাচ খেলার পর এখন অন্যদের সুযোগ দেওয়ার সময়। আমি আমার দায়িত্ব পালন করেছি। এবং সত্যি বলতে, আমি ক্লান্ত।’
এভাবেই ১৪ বছরের ক্রিকেটের ইতি টানেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। মাঠের সব দিকে শট খেলতে পারদর্শি ডি ভিলিয়ার্স ছিলেন বোলারদের দুঃস্বপ্ন। তার দিনে তিনি যেকোনো বোলারদের ঘুম হারাম করে দিতে পারতেন। আর সে কারণে সবাই তাকে ‘মিস্টার ৩৬০’ বলে ডাকতো।
২০০৪ সালে টেস্টে, ২০০৫ সালে ওয়ানডেতে এবং তার পরের বছর টি-২০ ক্রিকেটে অভিষেক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা করেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জীবনের শেষ টেস্ট খেলেন তিনি। শেষ ওয়ানডে ম্যাচটি খেলেন ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে। টেস্ট ও ওয়ানডের মতো শেষ টি-২০ ম্যাচটিও খেলেছেন ঘরের মাটিতে, বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে। ডানহাতি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪৭টি শতক এবং ১০৯টি অর্ধ-শতক হাঁকিয়েছেন।
অবসরের এ সিদ্ধান্তটি ছিল তার কাছে কঠিন। ভিলিয়ার্স বলেন, ‘এটা কঠিন একটি সিদ্ধান্ত। আমি এটা নিয়ে অনেকদিন অনেকবার ভেবেছি, এবং অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত দুটি সিরিজ জয়ের পর আমার মনে হচ্ছে, সরে দাঁড়ানোর এটিই যথার্থ সময়।’
গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হয়েছিল তার দল দক্ষিণ আফ্রিকাকে। ভিলিয়ার্সের হাত ধরে এবার সেই আক্ষেপ ঘুচবে বলে প্রত্যাশা ছিল ভক্তদের। তা আর হলো কই? কখনো কখনো গ্রেটরা তাদের সাফল্যের শীর্ষ মুকুটটি মাথায় চড়াতে পারে না। স্বপ্নের পথে এগিয়ে যেও থমকে দাঁড়ায়। তারপরও তাদের অবদান যে কমে যায়না। তাদের শ্রেষ্ঠত্ব তো আর ট্রফির মানদন্ডে মাপা যায় না। ভক্তকুলের মনে অমর হয়ে থাকে মুগ্ধতা ছড়িয়ে।