নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি নামের একটি সংগঠনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে ৩ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ১৬৮টি। এতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১২ জন।
সংগঠনটির এসব দুর্ঘটনার জন্য দায়ী করেছে সড়কে অব্যবস্থাপনাকেই। আজ মঙ্গলবার নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান তুলে ধরে।
সংগঠনটির দেয়া তথ্যমতে, ২২টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পরিসংখ্যানে বলা হয়েছে, তিন মাসে ১ হাজার ১৬৮টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ২১২ জন নিহত এবং ২ হাজার ৪২৯ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তালিকায় নারী আছেন ১৫৭ জন ও ২১৫ শিশু রয়েছে।
এর মধ্যে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। ওই মাসে ৪০১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৫ জন এবং আহত ৮৮৪ জন। এ ছাড়া জানুয়ারি মাসে ৩৮৩টি দুর্ঘটনায় ৪১১ জন নিহত হন এবং আহত হয়েছেন ৭২৫ জন।
মার্চ মাসে ঘটেছে ৩৮৪টি দুর্ঘটনা। এতে ৩৮৬ জন নিহত ও ৮২০ জন আহত হয়েছেন।

