ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের দুটি পরীক্ষা পেছানো হচ্ছে। এ ব্যাপারে ইতিমধ্যে সংশ্লিষ্ট বোর্ড প্রধানেরা সম্মতি জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকার নির্বাচন ভবনে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসিতে নির্ধারিত পরীক্ষা পেছাতে অনুরোধ করা হয়েছিল। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাতে সম্মতি দিয়েছেন। বোর্ডের চেয়ারমানরা বলেছেন, পরীক্ষা পেছতে কোনো সমস্যা নেই। তফসিল ঘোষণার পর মার্চে পরীক্ষার নতুন তারিখ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের সচিব জানান, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তাঁরা নির্বাচন করতে চান। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সম্প্রসারিত সীমানায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদেও একই দিনে ভোট করতে চায় ইসি।
কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসি পরীক্ষার যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে ২৪ ও ২৫ তারিখও পরীক্ষা থাকায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক ডাকে কমিশন। সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ এবং ২৫ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল, যা এখন পিছিয়ে যাবে।
