ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় ওই শিক্ষার্থী নিজেই তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ওই শিক্ষার্থী জানান, রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদির নামাপাড়া এলাকায় নিজ বাসায় ছিলেন তিনি। সেখানে থাকাবস্থায় করোনায় আক্রান্ত হন।
তিনি বলেন, গত মঙ্গলবার করোনার উপসর্গ (হাঁচি, কাশি, পাতলা পায়খানা) নিয়ে তিনি হাসপাতালে টেস্ট করাতে যান। বুধবার ডাক্তার তাকে জানান, তিনি করোনা পজেটিভ। এরপর থেকে বাসায় আইসোলেশন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এ ধরনের একটি তথ্য আমরা পেয়েছি। আমরা ওই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। আমাদের যা করণীয় আমরা তাই করব।’
বর্তমানে তার বাসাসহ আশপাশের এলাকা লকডাউন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

