করোনাভাইরাসের এ পরিস্থিতির মাঝে চাঁদপুরের অন্যতম দর্শনীয় স্থান বড়স্টেশনের তিন নদীর মোহনায় এখনো দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে। এ অবস্থায় বড়স্টেশনের বিশেষ এলাকাটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত দর্শনার্থীদের সরিয়ে দিয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশ পথ।
জানা গেছে, চাঁদপুরে তিন নদীর মোহনা (পদ্মা মেঘনা ডাকাতিয়া) বড়স্টেশন এলাকাটি বেশ দর্শনীয় হওয়ায় বছরজুড়ে হাজারো মানুষের ভিড় জমে। এতে শুধু চাঁদপুরেরই নয়, রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকেও দর্শনার্থীরা আসছেন।
তবে অন্য সময় জমজমাট পরিবেশ দেখা গেলেও করোনা পরিস্থিতিতেও এমনটা হওয়ায় সেখানে উপস্থিত অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার উপক্রম হয়েছে।
গত কয়েকদিন ধরে বড়স্টেশনে দর্শনার্থীর ভিড় বাড়তে থাকায় বিষয়টি প্রশাসনের নজরে পড়ে। এরপর রবিবার বিকেলে বড়স্টেশনকে লকডাউন ঘোষণা করা হয়। এ সময় এলাকার মূল প্রবেশপথে বিভিন্ন সামগ্রী দিতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

