নতুন কেলেঙ্কারিতে শ্রীলঙ্কা ক্রিকেট!



মাঠের ক্রিকেটে দিন ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। মাঠের বাইরেও নানা বিতর্কে জড়িয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা অনেকটাই ছক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। নারী কেলেঙ্কারিতে নতুন বিতর্কের জন্ম শ্রীলঙ্কা ক্রিকেটে। এক নারীর সঙ্গে একাধিক ক্রিকেটারের অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার খবর পেয়েছে লংকান গোয়েন্দা সংস্থা।

তদন্তের স্বার্থে, সেই নারীর নাম জানায়নি গোয়েন্দারা। শ্রীলংকা ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে তার প্রভাব প্রবল বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থা। ভারতীয় জুয়াড়িদের সঙ্গে হাত মিলিয়ে স্থানীয় ক্রিকেটারদের প্রভাবিত করেন তিনি।

২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলংকার ওয়ানডে সিরিজে হারের পর থেকেই গুরুত্বের সঙ্গে লংকান ক্রিকেট নিয়ে তদন্ত করছে আইসিসি। সেই তদন্তের জেরে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। গোপন অনেক কথাই ফাঁস হচ্ছে প্রতিনিয়ত।

আকসু এখনও জিম্বাবুয়ে-শ্রীলংকা সেই সিরিজের চতুর্থ ওয়ানডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ২০১৭ সালের ৮ জুলাই ম্যাচটিতে বৃষ্টি আইনে জেতে জিম্বাবুয়ে। এর পর বিগত ১৮ মাস ধরে তদন্ত চালিয়ে আসছে আইসিসি দুর্নীতি দমন ডিপার্টমেন্ট।

আইসিসির দুর্নীতি দমন কমিশনকে তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। ফলে তাকে ক্রিকেটের সব ধরনের কর্মকাণ্ড থেকে দুই বছর নিষিদ্ধ করা হয়। এ ছাড়া একজন ক্রিকেটারকে নেতিবাচক কর্মকাণ্ডে প্রলোভিত করার অভিযোগে বোলিং কোচ নয়ান জয়াসাকে নিষিদ্ধ করা হয়।

দুর্নীতিতে জর্জরিত শ্রীলঙ্কা ক্রিকেটে খেলোয়াড়দের জুয়াড়িদের সাথে সম্পৃক্ততা, মদ্যপ হয়ে গাড়ি চালানো কিংবা নারী কেলেঙ্কারি শ্রীলঙ্কার ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে বহু যুগ।