পরিধেয় প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে শীর্ষে অ্যাপল



পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে শীর্ষস্থান দখল করেছে অ্যাপল। প্রান্তিকটিতে মোট ৮০ লাখ ডিভাইস সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইডিসির তথ্যমতে, গত বছরের চতুর্থ প্রান্তিকে পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে অ্যাপলের দখল দাঁড়িয়েছে ২১ শতাংশে, যা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ৫৭ দশমিক ৫ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো পরিধেয় প্রযুক্তি পণ্য বিক্রিতে শীর্ষে পৌঁছেছে অ্যাপল। এর আগে কয়েক প্রান্তিকে ফিটবিট ও শাওমির পরে অবস্থান করছিল প্রতিষ্ঠানটি।

গত বছর অ্যাপল তার ওয়াচ সিরিজ ৩ বাজারে এনেছে। এ পণ্য গ্রাহক আকর্ষণে সক্ষম হয়েছে। এতে অ্যাপলের পরিধেয় প্রযুক্তি পণ্যের সরবরাহ বেড়েছে।

আইডিসির পরিধেয় পণ্য বিভাগের গবেষণা পরিচালক রিমন টি লামাস এক বিবৃতিতে জানান, গত কয়েক প্রান্তিকে গ্রাহকের মানসিকতায় বেশ পরিবর্তন দেখা গেছে। গ্রাহকের চাহিদার সুযোগকে কাজে লাগিয়েছে অ্যাপল।
গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শীর্ষ পাঁচ পরিধেয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান হলো অ্যাপল, ফিটবিট, শাওমি, জার্মিন ও হুয়াওয়ে।

সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৭ সালে রেকর্ড সংখ্যক স্মার্টঘড়ি সরবরাহ করেছে অ্যাপল। গত বছরজুড়ে প্রতিষ্ঠানটি ১ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টঘটি সরবরাহ করেছে, যা আগের বছরের চেয়ে ৫৪ শতাংশ বেশি।