পাস পাস মাস্টার ক্লাস




পাস পাস মাস্টার ক্লাস। পেপ গার্দিওলার দল মাঠে খেলছে, এবং সে দলের পাসের পর পাস দিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করবে না তা কি করে হয়? ইংলিশ প্রিমিয়ার লিগে এমনই এক নতুন রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে খেই হারিয়ে ফেলেছিল লিভারপুলের কাছে। সেখান থেকে ফিরে এসেছে, গত সপ্তাহে নিশ্চিত করেছে লীগ শিরোপা। সেই ধারাবাহিকতায় আজ সোয়ানসি সিটির বিপক্ষে অমানবিক ম্যানচেস্টার সিটির দেখা মিলল।

আজকের পুরো খেলায় ১০১৫ পাসের চেষ্টা করে পেপ গার্দিওলার শিষ্যরা। যার মধ্যে সফল পাসের পরিমাণ ৯২.৩ শতাংশ। অংকের ভাষায় ৯৪২টি সফল পাস আদান প্রদান করে নিজেদের মধ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগে যা একটি রেকর্ড। প্রতিপক্ষ সোয়ানসি সিটি কেবল ২০২টি পাসের চেষ্টায় ১৪০ টি সফল পাসে খেলা শেষ করে।

এছাড়াও পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে তোলে ম্যান সিটি। ম্যাচে বল তাদের দখলে ছিল ৮৩ শতাংশ, অন্যদিকে মাত্র ১৭ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পেরেছিল সোয়ানসি সিটির খেলোয়াড়েরা।

নিজেদের মাঠ ইতিহাদে ম্যানচেস্টার সিটি এই ম্যাচ জিতে ৫-০ গোলে। ১২ মিনিটে ডেভিড সিলভা ও ১৬ মিনিটে রাহিম স্টারলিংয়ের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথম অর্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতির পর ফিরে ৫৪ মিনিটে বেলজিয়াম সুপারস্টার কেভিন ডে ব্রুইনা, ৬৪ মিনিটে পর্তুগিজ বারনার্ড সিলভা ও সব শেষে ৮৮ মিনিটে ব্রাজিলিয়ান গ্যাব্রিয়াল জেসুস গোল করলে ৫-০ গোলের বড় জয় পায় ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি।