প্রগতি সরণিতে আন্দোলনকারীদের একাংশের মানববন্ধন


paperslife

ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন শুরু হয়।

বিইউপি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) এই শিক্ষার্থীরা প্রগতি সরণি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার মুখে সড়কে এসে জড়ো হন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাঁরা কথা বলেন।

আজকের মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবি লেখাসংবলিত প্ল্যাকার্ড ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবরারকে চাপা দেওয়া বাসের চালকের মৃত্যুদণ্ড দাবি করেন। তাঁরা সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। এরপর আমরা মানববন্ধন করার সিদ্ধান্ত নিই।’

এআইইউবির একজন ছাত্র বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন না থাকলে কোনো দাবি আদায় হবে না। কর্তৃপক্ষ চাপ অনুভব করবে না।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ সাত দিনের আল্টিমেটাম দিয়ে আজ বৃহস্পতিবার থেকে কর্মসূচি স্থগিত করেছে। তবে একটি অংশের এই স্থগিতাদেশ নিয়ে আপত্তি আছে। তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে। অবশ্য আজ প্রগতি সরণিতে মানববন্ধন ছাড়া আর কোনো কর্মসূচি চোখে পড়েনি।