প্রথম টেস্টের জন্য প্রস্তুত আয়ারল্যান্ড




টেস্ট পরিবারের দশম সদস্য ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়ামে নতুন এক দেশ সাদা পোশাকে নেমেছিল নতুনের স্বপ্ন জয় করতে। এরপর পেরিয়েছে ১৮ বছর। কোনো দেশ যোগ্যতা দিয়ে টেস্ট মর্যাদা অর্জন করতে পারেনি। অবশেষে ১১ ও ১২ তম দল হিসেবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আফগানিস্তানের জন্য অপেক্ষা একটু দীর্ঘই হচ্ছে। তবে ১১ তম দেশ হিসেবে সাদা পোশাকে মাঠে নামার প্রতীক্ষায় আয়ারল্যান্ড। আগামী ১১ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ইতিহাসের সাক্ষী হতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের ম্যালাহাইডে অনুষ্ঠিত ঐতিহাসিক এই টেস্টের জন্য অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ডকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে আছেন এড জয়েস, নিয়াল ও’ব্রায়েন, কেভিন ও’ব্রায়েন, পল স্টার্লিং, গ্যারি উইলসন, বয়েড র‍্যাংকিনরা। জায়গা হয়নি সাবেক সমারসেট ক্রিকেটার জর্জ ডকরেলের। আনক্যাপড ক্রিকেটার হিসেবে স্কোয়াডে আছেন গেলবছর অক্টোবরে আয়ারল্যান্ড এ দলের হয়ে বাংলাদেশে খেলে যাওয়া অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বোলার নাথান স্মিথ।
অভিজ্ঞ এক দল নিয়ে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড।
সাম্প্রতিক বছরগুলোত উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে আইসিসির নজর কাড়ে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। সে কারণেই গতবছর জুনে এই দুই দেশকে আইসিসি পূর্নাঙ্গ সদস্যপদ দেয়। আগামী ১৪ জুন, ব্যাঙ্গালোরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামবে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান। এর আগেই নিজেদের মাঠে টেস্ট অভিষেক হবে উইলিয়াম পোর্টারফিল্ডের দলের।
প্রথম টেস্টের জন্য আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, এড জয়েস, ট্রায়োন কেন, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, বয়েড র‍্যাংকিন, নাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন ও গ্যারি উইলসন।