ফুটবল মৌসুমে বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট খেলতে অনীহা অস্ট্রেলিয়ার




২০০৩ সালে প্রথমবারে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। সেই প্রথম, সেই শেষ। এরপর আর কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। সেবার দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের সবগুলো ম্যাচই খুব বাজেভাবে হেরেছিল টাইগাররা।
দীর্ঘ ১৫ বছর পর ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে অস্ট্রেলিয়া সফরের কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিসিবিকে পাঠানো এক মেইল বার্তায় তারা জানায়, এই সিরিজের জন্য আগ্রহ দেখাচ্ছে না দলটির অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার। এই সিরিজে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার কথা ছিল টাইগারদের।
এই দ্বিপাক্ষিক সিরিজটি হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। বিসিবিকে পাঠানো মেইলে জানানো হয়, আগস্ট-সেপ্টেম্বরে ফুটবলের মৌসুম চলবে অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের চেয়ে ফুটবলেই বেশি আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্ট পার্টনার। তাই এই সিরিজ হলে আর্থিক লাভবান হওয়ার পরিবর্তে ক্ষতিই হবে বেশি। ফলে, সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এখন সিরিজটি বাতিল হলেও, হাল ছাড়ছে না বিসিবি। পরে হলেও সিরিজটি খেলতে চাই বাংলাদেশ। প্রয়োজনে বিশ্বকাপের পর এই সিরিজ খেলতে আগ্রহী বিসিবি কর্মকর্তারা। আগামী বছরে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে রেখেছে বিসিবি। এখনো সেই প্রস্তাবে সাড়া না দিলেও অপেক্ষায় আছে বিসিবি।
এ ব্যাপারে বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আমরা তাঁদের কাছে ইতোমধ্যে আরেকটি প্রস্তাব দিয়ে রেখেছি। যদিও তারা এখনো সেটিতে সাড়া দেয়নি তবে আমরা অপেক্ষায় আছি তাঁদের উত্তরের জন্য।’
গতবছরই বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। যদিও এই সিরিজ নিয়েও টালবাহানা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে সেসম সিরিজ বাতিল করে তারা। অবশেষে দুইবছর পর ২০১৭ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।