বঙ্গবন্ধুর ভাষণ পৌঁছে যাবে সব মোবাইল ফোনে


Sheikh Mujibur Rahman #paperslife

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেশের সব মোবাইল ফোনে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মোবাইলফোন গ্রাহকদের কাছে পৌঁছে যাবে শুভেচ্ছা বার্তাও।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংস্থাটি দেশের সব মোবাইলফোন অপারেটরকে নির্দেশনা পাঠাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, আমরা কমিশনের পক্ষ থেকে দেশের মোবাইল গ্রাহকদের বঙ্গবন্ধুর ভাষণ পাঠাবো। সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করা হবে।

তিনি আরও জানান, ভাষণে থাকবে- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আর ভাষণ ছাড়াও মোবাইলফোনে পৌঁছে যাবে মুজিববর্ষের শুভেচ্ছা বার্তা।’

এদিকে, মুজিববর্ষ উপলক্ষে ‘মেহনতি মানুষের বন্ধু’ শিরোনামে বিশেষ ভয়েস ও ডাটা প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হবে। বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক।

দেশের সব মোবাইলফোনে বঙ্গবন্ধুর ভাষণ ও শুভেচ্ছা বার্তা পাঠানো হবে কিনা জানতে চাইলে জহুরুল হক বলেন, সর্বোচ্চ সংখ্যক মোবাইলে পাঠানো হবে। যেহেতু এর সঙ্গে অপারেটরগুলোর সক্ষমতার বিষয়টিও জড়িত। ফলে আমাদের নির্দেশনা থাকবে সব মোবাইল ফোনে পাঠানোর। অপারেটরগুলোর সক্ষমতা অনুযায়ী তারা পাঠাবে।

উল্লেখ্য, ৭ থেকে ১৭ মার্চ মোবাইল ফোনে ভয়েস রেকর্ডের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উল্লেখযোগ্য অংশ প্রচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোবাইল ফোনে শুভেচ্ছা বার্তা পাঠানো হতে পারে।