কাঁটাবনের পশু-পাখির বাজার রাজধানীর সবচেয়ে বড় পশু-পাখির বাজার হিসিবে পরিচিত। এই মার্কেটে দেশি-বিদেশি কুকুর, পাখি, মাছ পাওয়া যায়। তবে বর্তমানে এই বাজারের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে পশু-পাখিগুলো।
অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। দোকানপাট সব বন্ধ। লকডাউনে সেই দোকানগুলোও বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। পাখিগুলোতে অন্য কোথাও সরাতেও পারেননি।
বন্ধ দোকানের ভেতর থেকে আসছে অসহায় বন্দী পাখিগুলোর কান্নার শব্দ! বন্দিদশার মধ্যে পর্যাপ্ত খাবার না পেয়ে পশু-পাখিগুলো এই আচরণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য প্রতিদিন কিছু সময় দোকান খোলার অনুমতি পেয়েছিলেন মালিকেরা। তবে দোকান খুললেই আবারও পুলিশ এসে ঝামেলা শুরু করে। তাই পশু-পাখিগুলোর জন্য পর্যাপ্ত যত্ন নেওয়া সম্ভব হচ্ছে না।
পথ দিয়ে হাঁটার সময় স্বপন দাস নামে একজন পথচারীর নজরে আসে এই বেদনাদায়ক ঘটনা। তিনি দোকানের ছবি পোস্ট করে শনিবার (৪ এপ্রিল) ফেসবুকে লিখেন, ‘আপনারা যে ছবিটা দেখছেন তা কাঁটাবনে অবস্থিত পশুপাখি মার্কেটের। আজকে বিকেলে শাহবাগ থেকে ওষুধ আনার জন্য এই পথ দিয়ে যাওয়ার সময় এক মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে। দেখি পশুপাখির বন্ধ দোকান গুলো থেকে আঁটকে থাকা কুকুরগুলো প্রচণ্ড আর্তনাদ করছে। তাদের চিৎকার শুনলে পাষাণ হৃদয় মানুষও কষ্ট পাবে। তাদের খাওয়া নেই, দাওয়া নেই। তাদের ছোট ছোট খোপের ভেতরে সেই কবে আটকিয়ে চলে গেছে কে জানে। এই প্রাণীগুলো বাঁচবে কীভাবে?’

