বার্সার বড় জয়ের দিনে রিয়ালের হার




বার্সা সুলভ খেলা বলতে কি বোঝায়? ছোট ছোট পাসে আক্রমণের পসরা সাজিয়ে কখনো ডিফেন্স চেরা পাস। সেই আক্রমণ থেকে অসাধারণ গোল। এমন কিছুর আজকাল দেখা মেলে না। বার্সার খেলার ধরণ যে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হলেই বা কি? মাঝে মাঝে আগের সেই ফুটবল রূপকথার দেখা মেলে। যার কারিগর হয়ে ওঠেন মেসি-ইনিয়েস্তারা।
গতকাল ক্যাম্প ন্যু’তে ভিয়ারিয়ালের বিপক্ষে যেন সেই পুরোনো বার্সার প্রতিচ্ছবিই দেখা গেল। দ্বিতীয় গোলে ইনিয়েস্তার ডিফেন্স ভাঙা পাস, তৃতীয় গোলে ইনিয়েস্তা-মেসির যুগল বন্দির চোখ জুড়ানো নিদর্শন যেন বার্সা সমর্থকদের স্মৃতি রোমন্থন করে।
শুরুটা ডেম্বেলেকে দিয়ে। না, তিনি গোল করেননি। কিন্তু দুর্দান্ত কিছু করে ভূমিকা রেখেছেন প্রথম গোলে। ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় আসা ওসমান ডেম্বেলে ভক্তদের মন ভরাতে পারেননি। গতকাল মুগ্ধতা ছড়িয়ে সবকিছুই যেন উসুল করেছেন তিনি। ১০ মিনিটের সময় অসাধারণ ফুটবল স্কিল প্রদর্শন করে ডেম্বেলের করা দূরপাল্লার জোরাল শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। ফিরতি বল পেয়ে গোল করেন ফিলিপ কুতিনহো। বার্সা এগিয়ে যায় ১-০ গোলে।
১৪ মিনিটের সময় ইনিয়েস্তার ডিফেন্সকে তছনছ করে দেওয়া পাস থেকে দিনিয়ে মাইনাস করলে গোল করেন পাউলিনহো। ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম অর্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে মেসি ইনিয়েস্তার দুর্দান্ত বোঝাপড়ায় মেসির গোল। ডি বক্সে ব্যাকপাস দিয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছান আর্জেন্টাইন তারকা। ইনিয়েস্তার সঙ্গে তার বোঝাপড়াটা যে কতটা অসাধারণ সেটা এই গোল দেখলেই বোঝা যায়। ৩-০ তে এগিয়ে থেকে অর্ধ বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৫৪তম মিনিটে গোল পায় ভিয়ারিয়াল। সতীর্থ খেলোয়াড়ের বুলেটগতির শটের সামনে থেকে সরে জায়গা করে দিতেই সেনসোনের গায়ে বল লাগে। অনেকটা ভাগ্যের জোরেই গোল পায় সফরকারী দলটি। এরপর আর গোলের দেখা পায়নি ভিয়াররিয়াল। তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে অসাধারণ দুই গোল দিয়ে দলকে ৫-১ গোলের বড় জয় এনে দেন ডেম্বেলে।
এই জয়ে চলতি মৌসুমে লা লিগাতে ৩৬ ম্যাচ অপরাজিত ইতোমধ্যে লীগ জয় নিশ্চিত করা বার্সেলোনা। গত মৌসুমের শেষ সাতটি খেলায়ও অপরাজিত ছিল তারা। লা লিগায় টানা ৪৩ ম্যাচে এখনো হারেনি কাতালান দলটি। এই মৌসুমে বাকি দুইটি ম্যাচ জিতলে অপরাজিত ভাবেই লীগ জয়ের নতুন রেকর্ড গড়বে বার্সেলোনা।
এদিকে সেভিয়ার সাথে ২-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। রোনালদোবিহীন রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে সেভিয়ার হয়ে গোল করেন উইসাম বিন ওয়েদের ও মিগুয়েল লুয়ান। তৃতীয় গোলটি সার্জিও রামোসের আত্মঘাতী গোল। রিয়ালের হয়ে প্রথম গোল করেন বোরহা মায়োরেল, পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন রামোস। এর আগে রামোস মিস করেন পেনাল্টি।