বাসের চাকায় পিষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্র, ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ


afnan

মৌলভীবাজারের শেরপুরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে চালক ও তার সহকারীর বিরুদ্ধে।

নিহত ছাত্রের নাম ওয়াসিম আফনান। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র।

তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায়। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন।

শনিবার বিকেলে সিলেট ময়মনসিংহ রোডের উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপার মিলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছে নিহত আফনানের বন্ধুরা।

প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানান, সিলেট-ময়মনসিংহ রুটে চলাচলকারী উদার পরিবহনের বাসটির চালক ও হেলপারের সঙ্গে সিকৃবির কয়েকজন ছাত্রের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার আফনান ও তার বন্ধু রাকিবকে ধাক্কা দিয়ে বাসের দরজা লাগিয়ে দেন আর চালক বাস চালানো শুরু করেন। এতে রাকিব সড়কে ছিটকে পড়লেও আফনানের পা দরজার সঙ্গে আটকে যায়।  এ সময় আফনান বাসের দরজার হাতল ধরে ঝুলতে থাকলে হেলপার গাড়ির দরজা লাগিয়ে দেয়ায় সে বাসের নিচে চাপা পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, বাসটি জব্দ করে মৌলভীবাজার সদর থানায় রাখা হয়েছে। চালক ও সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে সিকৃবির সহস্রাধিক শিক্ষার্থী হুমায়ুন রশীদ চৌধুরী চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রশাসন যতক্ষণ পর্যন্ত পদক্ষেপ না নেবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা।