বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলার ২৪ ঘণ্টা পার না হতেই রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আলিক্ষ্যং এলাকায় তাকে হত্যা করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাইছড়ি আলিক্ষ্যং এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর একদল দুর্বৃত্ত সুরেশ কান্তিকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ বর্তমানে উপজেলা সদরে আছে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। এই হামলার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন তিনি।
গতকাল সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা।
এদিকে, গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে সাজেক থেকে ফেরার পথে রাঙ্গামাটির বাঘাইছড়ির নয়মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২৬ জন।

