আইপিএলে ভালো সময় যাচ্ছে না সাকিব আল হাসানের। প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন, জেতাতে পারেননি দলকে। মূলত, তার শেষ ওভারেই জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স।
এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি। তারকায় ঠাসা বিদেশিদের মধ্যে দলে সুযোগ পাওয়া সাকিবের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইপিএলে যেই দলীয় ছিলেন, দলের মধ্যমণি হয়েই ছিলেন। এবারই তার ব্যতিক্রম।
ইনজুরি, খেলার মধ্যে না থাকা – এসব কারণেই পিছিয়ে পড়ছেন সাকিব। আর সে কারণেই আইপিএলের মাঝ পথে ফিরিয়ে আনা হতে পারে তাঁকে।
এমনই আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল (শনিবার) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে পাপন জানান, ২০ এপ্রিলের মধ্যে সাকিবকে দেশে ফিরিয়ে এনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই দলের সাথে যুক্ত করা হবে।
দীর্ঘদিন খেলা থেকে দূরে ছিলেন সাকিব। সামনে বিশ্বকাপ। এমন সময় খেলার মধ্যে থাকাটা খুব জরুরি। আইপিএলে ডাগআউটে বসে উপকার হচ্ছে না সাকিবের। তার ফিরিয়ে আনা ভালো হবে বলে মনে করেন পাপন।
বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘ও যেহেতু একটা লম্বা গ্যাপে ছিল, আমাদের ধারণা ছিল ও ম্যাচ প্র্যাকটিসে থাকলে ওটা ওর জন্য কাজে দেবে। ‘কিন্তু যেহেতু টিম কম্বিনেশনের কারণে খেলা হচ্ছে না তার (সাকিবের), সে ক্ষেত্রে আমি মনে করি আমাদের যখনই ক্যাম্প শুরু হবে, সঙ্গে সঙ্গেই তাকে ফেরত নিয়ে আসাটাই ভালো হবে।’
এছাড়া টি২০ দিয়ে বিশ্বকাপের জন্য কতটা উপকৃত হবে সাকিব, এই ব্যাপারেও আছে সংশয়। তাই দলের সাথে থাকা সাকিবের জন্য যেমন কাজে দিবে, সর্বোপরি বাংলাদেশ দলের জন্যও উপকার হবে।

