বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ দৃশ্য অ্যান্টার্কটিকায়


বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ দৃশ্য অ্যান্টার্কটিকায়

চলতি মাসের শুরুর দিকে ৯ দিনে অ্যান্টার্কটিকার বরফের প্রায় ২০ শতাংশ গলে গেছে। মহাকাশবিষয়ক মার্কিন সংস্থার (নাসা) সর্বশেষ পাঠানো ছবিতে এমন দৃশ্য দেখা গিয়েছে।

তীব্র তাপপ্রবাহে অ্যান্টার্কটিকার উত্তরে বরফের এমন দ্রুততার সাথে গলে যাওয়া  বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতার আভাসই দিচ্ছে।

ছবিতে দেখা গেছে, দ্বীপপুঞ্জের যে জায়গাগুলো বরফের কারণে কোনো সময়ই দেখা যায় না, তা ৯ দিনের তাপপ্রবাহের কারণে উন্মুক্ত হয়ে গেছে। বরফ গলে বেরিয়ে এসেছে টলটলে পানির আস্তরণ।

বিজ্ঞানীদের মতে, দীর্ঘ সময় ধরে গরমের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বের শীতলতম স্থানে কখনো এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।

নাসার আর্থ অবজারভেটরি জানিয়েছে, মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই ইগল আইল্যান্ডের চূড়ার চার ইঞ্চি বরফের আস্তরণ গলে যায়।

ম্যাসাচুসেটসের নিকোলস কলেজের অধ্যাপক মৌরী পেলটো অবজারভেটরিকে বলেছেন, ‘অ্যান্টার্কটিকায় এত তাড়াতাড়ি গলে যাওয়া পুকুর কখনো এর আগে দেখিনি। এভাবে বরফ গলে যাওয়ার দৃশ্য আলাস্কা ও গ্রিনল্যান্ডে দেখা গেলেও তা কখনো হয়নি অ্যান্টার্কটিকায়।’