চলতি মৌসুমের প্রথম সাত মাসে (অক্টোবর-এপ্রিল) পানীয় পণ্যটির বৈশ্বিক রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময় বিশ্বব্যাপী অ্যারাবিকা কফির তুলনায় রোবাস্তা কফির রফতানি বেশি হয়েছে।
শুক্রবার প্রকাশিত ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের (আইসিও) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইসিওর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০১৭-১৮ বিপণন মৌসুমের অক্টোবর-এপ্রিল সময়ে বিশ্বব্যাপী মোট ৭ কোটি ৬ লাখ ৫০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। এ সময় অ্যারাবিকা কফির সম্মিলিত বৈশ্বিক রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে।
চলতি মৌসুমের অক্টোবর-এপ্রিল সময়ে বিশ্বব্যাপী অ্যারাবিকা কফির মোট রফতানি দাঁড়িয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ব্যাগে। অন্যদিকে চলতি মৌসুমের প্রথম সাত মাসে রোবাস্তা কফির সম্মিলিত বৈশ্বিক রফতানি দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার ব্যাগে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি।
এদিকে মাসভিত্তিক হিসাবে, সর্বশেষ এপ্রিলে কফির সম্মিলিত বৈশ্বিক রফতানি দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৮০ হাজার ব্যাগে। আগের বছরের একই সময়ের তুলনায় এ মাসে পানীয় পণ্যটির বৈশ্বিক রফতানি ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে আইসিও। প্রতিষ্ঠানটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের এপ্রিলে অ্যারাবিকা কফির সম্মিলিত বৈশ্বিক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। গত এপ্রিলে বিশ্বব্যাপী অ্যারাবিকা কফির মোট রফতানি দাঁড়িয়েছে ৬২ লাখ ৪০ হাজার ব্যাগে।
