ভারতে গুগলের ২ কোটি ডলার জরিমানা



ভারতে গুগলকে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে কম্পিটিশন কমিশন প্রযুক্তি কোম্পানি। বাজার আধিপত্যের অপব্যবহার করে অনলাইন অনুসন্ধানে নিজেদের সেবাকে এগিয়ে রাখার মাধ্যমে অতিরিক্ত সুবিধা নেয়ার অভিযোগে এ জরিমানা করা হয়েছে।
বিশ্বব্যাপী বাজার আধিপত্যের প্রভাব খাটিয়ে অনলাইন অনুসন্ধানে নিজেদের সেবাগুলোকে এগিয়ে রাখছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল। অনলাইন শপিং সেবা খাতে একইভাবে সুবিধা নেয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থার জরিমানার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গুগলের এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া দেশগুলোর তালিকায় নতুন যুক্ত হলো ভারত।
কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার (সিসিআই) তথ্যমতে, দেশটি থেকে ফ্লাইটসংশ্লিষ্ট অনলাইন অনুসন্ধানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইটগুলোকে বাদ দিয়ে অবৈধভাবে নিজস্ব পেজকে এগিয়ে রেখেছে গুগল, যা প্রতিদ্বন্দ্বিতা নীতির পরিপন্থী। এর মাধ্যমে অন্যায়ভাবে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগও তোলা হয়েছে।
গুগলকে সতর্ক করে ভারতের নিয়ন্ত্রক সংস্থা জানায়, তাদের অবৈধ কার্যক্রমের কারণে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তুলনামূলক ছোট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
২০১৫ সালের এপ্রিলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা কমিশন অনুসন্ধান সেবার মাধ্যমে অনলাইন কেনাকাটায় অতিরিক্ত সুবিধা নেয়ায় গুগলকে অভিযুক্ত করে। বলা হয়, অনুসন্ধান ফলাফলে নিজেদের পণ্যগুলোকে এগিয়ে রেখে প্রতিদ্বন্দ্বী ও ভোক্তা উভয় পক্ষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। গুগল অবশ্য বরাবরেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান কমিশন আট মাস আগে প্রতিষ্ঠানটিকে ২৪২ কোটি ইউরো জরিমানা করেছে।
বিবৃতিতে সিসিআই জানায়, ভারত প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ বাজার। দেশটিতে ব্যবসা জোরদারে সম্ভাব্য সব ধরনের সুবিধা দেয়া হচ্ছে। বাজার প্রতিদ্বন্দ্বিতা নীতি ভঙ্গ করায় গত তিন বছরে দেশটি থেকে গুগলের গড় রাজস্ব আয়ের ওপর ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
গুগল জরিমানার বিষয়ে জানায়, সিসিআইয়ের সিদ্ধান্ত সম্পর্কে আমরা জেনেছি। এ বিষয়ে নথিপত্র হাতে পেলে তা যথাযথ পর্যালোচনা শেষে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বহুজাতিক কোম্পানি হিসেবে বিশ্বব্যাপী আমাদের ব্যবসা পরিচালনা করতে হয়। এজন্য প্রত্যেক দেশের স্থানীয় আইন মান্য করেই ব্যবসা জোরদারে পদক্ষেপ নেয়া হয়।