ছবিতে একজনকে দেখা যাচ্ছে। নিস্তব্ধ, স্তব্ধ হয়ে বসে আছেন তিনি। পুরো সান্তিয়াগো বার্নাব্যূ যখন ফাইনালে যাওয়ার উপলক্ষে উৎসবে বিভোর, তিনি তখন হতাশায় পুড়ছেন। একা বসে বসে হয়ত ভাবছেন, আরেকটু ভালো কিছু করতে পারতাম। দোষটা যেন তারই। ভালো কিছু করার সুযোগ ছিল, ছিল হিরো বনে যাওয়ার কিন্তু সে পারেনি। নিজের একটা ভুলে সবকিছু শেষ। তাই বায়ার্ন মিউনিখের দ্বিতীয় গোলরক্ষক এসভেন উলরিখ স্তব্ধ হয়েছিলেন। হতাশা যাকে গ্রাস করে, বেদনা যাকে পোড়ায়। আজ বায়ার্ন সব থেকে বেশি মিস করেছে তাদের প্রথম গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারকে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল! দ্বিতীয় লেগের যুদ্ধে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। উত্তেজনা, চোখে চোখ রেখে লড়াই – ছাড়িয়ে গেছে সব কিছুকে। মাদ্রিদ কুফা কাটাতে এদিন নিজেদের সবটুকু ঢেলে দিয়েছিল জার্মান দলটি। কিন্তু পারেনি। ওই যে চ্যাম্পিয়ন্স লিগ কিং রিয়াল মাদ্রিদকে হারানো যে অতো সহজ নয়।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের ম্যাচ ছিল উত্তেজনায় বারুদে ঠাসা। এই উত্তেজনায় কখনো কখনো হৃদয় ঠিকমতো কাজ করে না। হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায়, অনেক সময় নিস্তব্ধ এ রাতে ওই হৃদয় স্পন্দন কানে এসেও থেকে।
বল দখলের লড়াইয়ে বায়ার্ন এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণে মূল কাজ সেরেছে স্বাগতিকরা। প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্ন হেরেছিল ২-১ গোলে। দ্বিতীয় লেগে রিয়ালের দুর্গে শুরুতে এগিয়ে থাকলেও ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। অ্যাওয়ে গোলের হিসেবে ৪-৩ গোলে পিছিয়ে থেকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বায়ার্ন মিউনিখকে।
ম্যাচের তিন মিনিট। টিভি সেটের সামনে নড়েচড়ে বসার সুযোগ পর্যন্ত দেননি বায়ার্ন মিউনিখের জসুয়া কিমিখ। প্রথম লেগের একমাত্র গোল ছিল তার। সেই কিমিখের গোলেই এগিয়ে যাওয়া, বায়ার্ন বুঝিয়ে দিল এত সহজে ময়দান ছাড়ছে না তারা। তবে এ লিড বেশিক্ষন ধরে রাখা যায়নি। ১১তম মিনিটে মার্সেলোর দুর্দান্ত ক্রস থেকে অসাধরণ হেডে গোল করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজেমা। দুর্দান্ত এক রাত হতে যাচ্ছে তার প্ৰমানেই যেন ১-১ এ সমতা।
ম্যাচের ২৯তম মিনিটে রিয়ালের কোনো খেলোয়াড় বায়ার্নের ডি-বক্সে থাকলে ব্যবধান ২-১ হতে পারত। ৩৪তম মিনিটে বায়ার্নের হয়ে সুযোগ নষ্ট করেন কলম্বিয়ান হামেস রদ্রিগেজ। প্রথমার্ধে নিজের ছায়া হয়ে ঘুরে বেড়ানো রোনালদো ৩৯তম মিনিটে একটা শট নিয়েছিলেন, কিন্তু সেটা গোলপোস্টের পাশ ঘেঁষে চলে যায়।
রিয়াল মাদ্রিদের খেলায় রেফারি বিতর্ক চলে আসে বারবার। সেই বিতর্ক উস্কে দিতেই যেন অর্ধ বিরতির ঠিক আগে যোগ হওয়া অতিরিক্ত সময়ে কিমিখের শট রিয়ালের ডি-বক্সে মার্সেলোর হাতে লাগলে পেনাল্টির জোরালো দাবি জানায় অতিথিরা। রেফারি অবশ্য পেনাল্টি না দিয়েই প্রথমার্ধের খেলা শেষ করেন।
বিরতি থেকে ফিরেই তখনও এক মিনিট হয়নি। বেনজেমা ম্যাজিকে রিয়ালের গোল, ২-১ এ লিড। উত্তেজনা তখন চরমে পৌঁছে গেছে। তোলেসের ফিরতি পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন বায়ার্ন গোলরক্ষক উলরিখ। সুযোগের অপেক্ষায় থাকা বেনজেমা গোল করেছেন, আনন্দের উপলক্ষে ভাসিয়েছেন বার্নাব্যু সমর্থকদের। এরপর থেকেই হেইঙ্কেস শিষ্যরা একের পর এক আক্রমণের পসরা সাজিয়ে বসেছিলেন। সেই আক্রমণ প্রতিহত করতে রক্ষা কবজ হয়ে ধরা দিয়েছিলেন কোস্টারিকান বাজপাখি কেইলর নাভাস। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি।
৬৩তম মিনিটে নিকোলাস সুলের ক্রস থেকে শট নেন হামেস রদ্রিগেজ। প্রথম চেষ্টায় সেটা আটকে দেন নাভাস। তবে তৈরি ছিলেন রিয়াল মাদ্রিদেরই সাবেক রদ্রিগেজ। রদ্রিগেজের শটে ২-২ সমতায় ফেরে বায়ার্ন। সেখানে থেকে আশা জেগেছিল বায়ার্নের। তবে শেষ বাঁশি বাজলে সেইসব আশা ভরসা ধূলিস্যাত হয়ে যায়। নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেও পারেনি বায়ার্ন। রিয়াল বাঁধায় আটকে পড়েছে আবার। আর চ্যাম্পিয়ন্স লিগে ১৬ তম ফাইনালের জন্য তৈরি হচ্ছে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নধারী জিনেদিন জিদান শিষ্যরা।
