করোনাভাইরাসের চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধের অনুমোদন দিয়েছে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড গায়েন্স এ ঘোষণা দিয়েছে।
ওষুধটি শর্তসাপেক্ষে বাজারজাতকরণের অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে। অনুমোদনের শর্তে বলা হয়েছে, প্রাপ্তবয়স ও ১২ বছরের বেশি বয়সী কিশোরদের কিংবা যাদের ওজন ৪০ কিলোগ্রামের বেশি তাদের কভিড-১৯ চিকিৎসায় এটি ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রে একমাত্র ওষুধ হিসেবে রেমডেসিভিরই করোনাভাইরাস চিকিৎসায় অনুমোদন পেয়েছে। নিয়ে যুক্তরাষ্ট্রে ট্রায়ালও হয়েছে। তাতে দেখা যায়, এই ওষুধ সেবনের ফলে করোনাভাইরাসের উপসর্গ ১৫ দিন থেকে কমে ১১ দিনে নেমে যায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি নিজেই বলেছেন, ‘তথ্য-প্রমাণ বলছে, সেরে ওঠার সময় কমাতে রেমডেসিভিরের রয়েছে পরিষ্কার, তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক প্রভাব।’
জীবন বাঁচাতে, হাসপাতালের ওপর চাপ কমাতে ও কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার ক্ষেত্রে রেমডেসিভির ভূমিকা রাখতে পারে বলে তখন জানান যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা।
ভাইরাসনাশক রেমডেসিভির মূলত ইবোলার ওষুধ হিসেবে আবিষ্কার করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, করোনাভাইরাসের যে রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন তারা এ ওষুধটি খেয়ে অপেক্ষাকৃত দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

