দেশে চলমান করোনা সংক্রমণের কারণে গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে সকল ধরণের ঋণের উপর আরোপিত সুদ স্থগিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত মুনাফা ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনও সুদ আদায় করা যাবে না এবং ব্যাংকের আয় খাতেও স্থানান্তর করা যাবে না।
কোনও ব্যাংক ইতোমধ্যেই কোনও ঋণের সুদ আয় খাতে স্থানান্তর করে থাকলে, তা রিভার্স এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে, ব্লকড হিসাবে রক্ষিত মুনাফা বা সুদ সমন্বয়ের বিষয়ে পরবর্তীতে অবহিত করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, করোনার কারণে দেশের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

