সারফেস ল্যাপটপের একটি নতুন সংস্করণ এনেছে মাইক্রোসফট। ডিভাইসটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৯৯ ডলার, যা এর আগের সংস্করণের তুলনায় বেশ কম।
বাজেট সাশ্রয়ী এ ল্যাপটপে ইন্টেলের কোর এম৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র্যামের এ ল্যাপটপে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। র্যাম ও অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধা কমানোর কারণে ডিভাইসটির মূল্য কমানো সম্ভব হয়েছে। সফটওয়্যার প্রতিষ্ঠানটির এর আগের সারফেস ল্যাপটপে কোর আই৫ প্রসেসরের পাশাপাশি আরো বেশি র্যাম ছিল। এ কারণে ডিভাইসটির ভিত্তিমূল্য ৯৯৯ ডলার।
উইন্ডোজ সেন্ট্রালের তথ্যমতে, সাশ্রয়ী এ সারফেস ল্যাপটপ মডেলটি সরাসরি মাইক্রোসফটের সারফেস প্রো ল্যাপটপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। সারফেস প্রো ল্যাপটপেও ইন্টেল কোর এম৩ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। সারফেস ল্যাপটপের জন্য প্রয়োজনীয় সারফেস টাইপ কাভার পৃথকভাবে বিক্রি করে আসছে মাইক্রোসফট। এ কাভারের জন্য গ্রাহকদের আরো ১২৯ দশমিক ৯৯ ডলার গুনতে হবে।
মাইক্রোসফট কয়েক বছর ধরে ডিভাইস বাজারে ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে। তবে এক্ষেত্রে খুব সামান্য সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। কেন সারফেস ল্যাপটপের সাশ্রয়ী সংস্করণ আনা হলো, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি গত বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশ করেছে মাইক্রোসফট।
