সিটির 'সেঞ্চুরি'




বলা হয়ে থাকে, ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) সব থেকে প্রতিযোগিতামূলক লিগ। যেখানে শেষ পর্যন্ত কে শিরোপা উঁচিয়ে ধরবে তা আগে থেকে বলা যায় না। কখনো কখনো নিচের বিভাগ থেকে উঠে আসা লিস্টার সিটিও নিজেদের মাত্র দ্বিতীয় আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনালের মত দল আছে।
এমন এক টুর্নামেন্টে রেকর্ড করে জয় লাভ করা অনেক বড় কিছু। ম্যানচেস্টার সিটি লিগ জিতেছে আগেই। নিয়ম রক্ষার বাকি ম্যাচগুলো তাই নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশন। পেপ গার্দিওলার নেতৃত্বে ম্যানচেস্টার সিটি বাহিনী গড়েছে রেকর্ড। পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
৩৮ ম্যাচের এই লিগে সেঞ্চুরি করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। কাটায় কাটায় শত পয়েন্ট অর্জন করেছে তারা। তাদের এই শততম পয়েন্ট অর্জনে শেষ রাউন্ডে জিততেই হতো। ৩৮ তম রাউন্ডে তাই সাউথম্পটনের মাঠে গ্যাব্রিয়াল হেসুসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে এই অনন্য কীর্তি গড়ে ম্যানচেস্টারের এই ক্লাবটি।
এর আগে টোটেনহামের ৬০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে তারা। ৩৭ তম রাউন্ডে জিতে ১৯৬৯-৭০ মৌসুমে টোটেনহামের লিগ জয়ে ৩১টি জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছিল সিটি। আজকের জয়ে তা ৩২ জয় হয়ে নতুন রেকর্ড গড়েছে।
শুধু জয় কিংবা পয়েন্টই নয়, গোলের রেকর্ডও গড়েছে পেপ গার্দিওলার দল। ২০০৯-১০ মৌসুমে চেলসির করা ১০৩ গোল এখন ১০৬ হয়ে ম্যানচেস্টার সিটির সম্পত্তি। পুরো টুর্নামেন্ট জুড়েই দাপট দেখিয়েছে সার্জিও আগুয়েরো, জিব্রিয়াল হেসুস, কেভিন ডি ব্রুইনা, লরিও সানেরা।
৩৮ ম্যাচে তাদের জয় ৩২টিতে। ড্র করেছে ৪ টি আর হেরেছে কেবল ২টি ম্যাচে। এতসব কীর্তিতে এবারের লীগ শিরোপা ঘরে যাচ্ছে ম্যানচেস্টার সিটির। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থানে শেষ করছে লিগ। তিনে থাকা টোটেনহামের পয়েন্ট ৭৭।