সেমিফাইনালে কেবল দুই বিশ্বকাপ



বিশ্বকাপের ২১তম আসর চলছে রাশিয়ায়। এই আসর জন্ম দিয়েছে একের পর এক বিস্ময়। অঘটনের ২০১৮ বিশ্বকাপে পিছিয়ে থাকা দলগুলো যেমন নিজেদের মেলে ধরেছে, তেমনি বড় দলগুলো ব্যর্থতার মিছিলে নাম লিখিয়ে বিদায় নিয়েছে আগেভাগেই।
চ্যাম্পিয়ন দলদের প্রথা মেনে নিয়েই বর্তমান ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, বর্তমান ইউরো জয়ী পর্তুগাল ও তাদের দেখানো পথেই প্লেনে চেপে বাড়ি ফিরেছে ২০১০ বিশ্বকাপ জয়ী দল স্পেন।
কোয়ার্টার ফাইনালেও সাবেক বিশ্বকাপ জয়ী দলগুলোও বিদায়ের পথ খুঁজে নিয়েছে। দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে ফ্রান্সের কাছে ও সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নবাগত বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে। চারবারের বিশ্বসেরা ইতালি তো এবার বিশ্বকাপেই সুযোগ পায়নি।
বিশ্বে রাজত্ব করা দলগুলোর এভাবে বিদায় তাদের সমর্থকদের হতাশার উপলক্ষ্য এনে দিলেও নতুনদের এমন আবির্ভাব ২০১৮ বিশ্বকাপে বাড়তি মাত্রা যোগ করেছে। নতুন কেউ ওই সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বিশ্বকাপ জয়ী দলগুলোর মধ্যে শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। দুটি দলই একবার করে বিশ্বকাপের সোনালী ট্রাফিতে হাত রাখার সৌভাগ্য অর্জন করেছে। ১৯৯৮ সালে ফ্রান্স ও ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও এরপর বলার মতো কোনো অবদান রাখতে পারেনি ইউরোপের এই দুই দল। এতবছর পর আবারও দুই দলের সামনে বিশ্বকাপ ছোঁয়ার হাতছানি।
তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়াবে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। দুটি দলই প্রথমবার ফাইনাল খেলার রোমাঞ্চে বিভোর। বেলজিয়ামের জন্য সেরা সাফল্য ১৯৮৪ সালে চতুর্থ স্থান আর ক্রোয়েশিয়া ১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে তাক লাগিয়ে দেওয়াই ছিল সর্বোচ্চ সাফল্য। এবারের আসরে দাপট ও যোগ্যতা দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া দুই দল যে ছেড়ে কথা বলবে না তা বলাই বাহুল্য।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও নেদারল্যান্ডস। দশ বারের বিশ্বকাপ জয়ী দল (ব্রাজিল ৫বার, জার্মানি ৩বার ও আর্জেন্টিনা ২বার) সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। কেবল নেদারল্যান্ডস ছিল বিশ্বকাপ না জয়ী দল। সে জায়গায় এবার বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। গত ২০ আসরের মাত্র দুইবার বিশ্বকাপ জয়ী দল (ফ্রান্স ১বার ও ইংল্যান্ড ১বার) এবারের আসরের শেষ চারে জায়গা করে নিয়েছে।
অঘটনের রাশিয়া বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। প্রতিটি দল তাদের সেরাটা দিয়ে আরো রোমাঞ্চ করে তুলেছে এই বিশ্বকাপ। তাই শেষ বাঁশি না বাজার আগে কিছুই বলা যায় না। ১৪ তারিখ নতুন কোনো বিশ্বসেরা হয়ে উঠতে পারে রাশিয়ার মস্কোতে।