বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ




কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও নতুন করে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এরইমধ্যে রাতের আঁধারে বাংলাদেশে ঢুকে পড়া ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ৫৬ রোহিঙ্গাসহ একটি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
তবে বিজিবি’র দাবি, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের কোন ঘটনাই ঘটেনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সহিংসতার কারণে কক্সবাজারের সীমান্ত এলাকা দিয়ে শনিবারও অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। নাফ নদী পার হয়ে উখিয়া, রহমতের বিল এলাকা দিয়ে তারা অনুপ্রবেশ করে কুতুংপালং এলাকায়। পরে রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন বাসা-বাড়িতে আশ্রয় নেয়। তাদের বেশিরভাগই বৃদ্ধ, নারী ও শিশু।
এবিষয়ে পালংখালী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, ‘রাতের অন্ধকারে রোহিঙ্গারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তবে তাদের সংখ্যা খুব কম।’
তবে রোহিঙ্গা অনুপ্রবেশে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ. মাঈন উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা প্রতিরোধের জন্য পুলিশ, বিজিবি, স্থানীয় গ্রামবাসী সবাই কাজ করে যাচ্ছে।’
কক্সবাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের প্রবেশের জন্য যারা সাহায্য করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
বিজিবির দাবি, উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় প্রায় এক হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। আর নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনাও ঘটেনি।
বিশেষজ্ঞদের মতে, বারবার রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। গত বছরের অক্টোবরেও মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এখন আবারো রাখাইন রাজ্যে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হতাহতের পর রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।